বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হলে সারিয়াকান্দিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হবে। একই সঙ্গে গত দেড় দশকের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটিয়ে সারিয়াকান্দি ও সোনাতলাকে আধুনিক উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।
বুধবার সকালে সারিয়াকান্দি উপজেলার নারচী গণকপাড়ায় আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী রফিকুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, যাতে প্রতিটি নাগরিক সামাজিক নিরাপত্তা পায়। তিনি বলেন, যমুনা তীরবর্তী এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। নদীভাঙন রোধসহ চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিএনপি অগ্রাধিকারভিত্তিতে কাজ করবে।
নারচী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূর-এ-আযম বাবু, সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু ও সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন।
সভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সুজন