কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেছেন, ‘এই সরকার দেশটাকে লুটপাট করে নিঃস্ব করে ফেলেছে। দেশে এখন কিছুই নেই। সুতরাং এই দেশকে আবার ঘুরে দাঁড় করানো শুধু তারেক রহমানের পক্ষেই সম্ভব।’
মঙ্গলবার রাতে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী, রাজিবপুর) আসনে বিএনপি প্রার্থী আজিজুর রহমানের নির্বাচনি জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়ন বিএনপির উদ্যোগে শরিফেরহাট এম ইউ উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ধানের শীষের প্রার্থী আজিজুর রহমানকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আমরা কুড়িগ্রাম-৪ আসনটি তারেক রহমানের হাতে তুলে দিতে চাই।’
শফিকুল ইসলাম বেবু বলেন, অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দিতে পারছে না, অচিরেই সেনাবাহিনী ও সরকারি কর্মচারীদের বেতন দিতেও অক্ষম হয়ে পড়তে পারে।
শফিকুল ইসলাম আরও বলেন, এক সময় মানুষ হাত পাখা ব্যবহার করত, এখন সবাই বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে। এক সময় দাঁড়িপাল্লা ছিল, এখন মানুষ ডিজিটাল মেশিন ব্যবহার করে। পৃথিবী যতদিন থাকবে, ততদিন ধানের শীষ থাকবেই।
তিনি আরও বলেন, ‘একটি দল পরাজয়ের শঙ্কা বুঝতে পারলে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। কিন্তু ঐক্যবদ্ধভাবে আমাদের সবাইকে তা প্রতিহত করতে হবে।’
এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৪ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ আজিজুর রহমান, চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল বারি সরকার ও সদস্য সচিব আবু হানিফা। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই