আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, কোনোভাবেই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আজহারুল ইসলাম মান্নান বলেন, একজন সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী নানা কৌশলে ভোটারদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন। এসব করে জনগণের রায় পাওয়া যাবে না। তিনি বলেন, নির্বাচিত হলে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ এলাকায় মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যুদের কোনো ছাড় দেওয়া হবে না।
স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনকে ইঙ্গিত করে তিনি বলেন, তিনি এমপি থাকাকালে সিদ্ধিরগঞ্জের উন্নয়ন না করে চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। এ কারণে এবারের নির্বাচনে ভোটাররা তাকে উপযুক্ত জবাব দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
গণসংযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মোল্লা মোহাম্মদ সাখাওয়াত, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, মহানগর কৃষক দলের সদস্যসচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সুজন