‘মিলে-মিশে গড়বো স্বপ্নের রূপগঞ্জ’—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
রূপগঞ্জ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আয়োজনে বুধবার বেলা ১১টা থেকে দিনব্যাপী উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও ঈদগা মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চিকিৎসা সেবায় বিভিন্ন বিষয়ের অন্তত ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। কর্মসূচিতে পাড়াগাঁও, মর্তুজাবাদ, পাচাইখা, ভুলতা, মাঝিপাড়া, মুইরাবো, সোনাবো, কইরাবো ও লাবরাপাড়াসহ আশপাশের এলাকার শত শত নারী, পুরুষ, শিশু ও বয়স্ক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ফ্রি চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহীতারা। এলাকাবাসী এ উদ্যোগের জন্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে ধন্যবাদ জানান।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, নির্বাচিত হলে রূপগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও অপরাধমুক্ত করা হবে। তিনি বলেন, মানুষের চিকিৎসা সেবা, বাসস্থানসহ সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি কাজ করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম ও আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, ডিকেএমসি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
বিডি-প্রতিদিন/সুজন