নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী (ট্রাক প্রতীক) ওয়াসিম উদ্দিন নিজের প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপুকে সমর্থন দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় ওয়াসিম উদ্দিন রূপগঞ্জের সকল ভোটারকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, নারায়ণগঞ্জ জেলা গনঅধিকার পরিষদের সহ-সভাপতি শহিদুল্লাহ খান, রূপগঞ্জ উপজেলা গণঅধিকার সদস্য সচিব তরিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব হাসান বাবুল, হারুন খান, ছাত্র অধিকার পরিষদের নেতা সবুজ আহমেদ, কাউসার আলীসহ আরও অনেকে।
একই সময় মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি রুপগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীক মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপুকে সমর্থন জানান।
এর আগে, গত বুধবার বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুকে পূর্ণ সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। জাহাজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন। তিনিও এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন।
গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দিন বলেন, দলীয় সিদ্ধান্তকে মেনে নিয়ে ট্রাক প্রতীকে নারায়ণগঞ্জ ১ আসনে নির্বাচন করেছি। এখন আবার দলীয় কারনেই ধানের শীষ প্রতীক ও অত্র আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়াকে সমর্থন জানাচ্ছি।
রুপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর প্রতি,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি, ধানের শীষের প্রতি মুগ্ধ হয়ে সমর্থন জানিয়েছেন যারা তাদের অভিনন্দন জানাচ্ছি। ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন, গণঅধিকার পরিষদ প্রার্থী ওয়াসিম উদ্দিন,বাংলাদেশ সুপ্রিম পার্টিসহ বিভিন্ন আমাদের সমর্থন দিয়েছেন।
বিডি-প্রতিদিন/আশফাক