ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছেন প্রবাসীরা। নির্বাচনকে সামনে রেখে স্বদেশে ভোটের মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন তারা। নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে জোরালো প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রবাসীরা। ফলে নির্বাচনী পরিবেশে যোগ হয়েছে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।
জানা গেছে, সিলেট অঞ্চলের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সে কারণেই স্থানীয় রাজনীতিতেও তাদের আগ্রহ বরাবরই লক্ষণীয়। এবারের নির্বাচনে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে আলোচনায় এসেছে। নির্বাচনকে ঘিরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেটের প্রবাসীদের একটি বড় অংশ বর্তমানে দেশে অবস্থান করছেন। তারা সরাসরি এলাকায় প্রচারণা কার্যক্রমে অংশ নিচ্ছেন।
প্রার্থীদের পক্ষে লিফলেট বিতরণ, উঠান বৈঠক, পথসভা, জনসভা এবং ভোটারদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে প্রবাসীদের সরব উপস্থিতি চোখে পড়ছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী মাঠে সক্রিয় রয়েছেন বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার ধানের শীষ প্রতীকের পক্ষে।
ভোটাররা জানান, প্রবাসীদের অংশগ্রহণ নির্বাচনী প্রচারণায় নতুন গতি এনেছে। তবে কেউ কেউ মনে করছেন, অতিরিক্ত প্রভাব যেন ভোটের স্বাভাবিক ও শান্ত পরিবেশ ব্যাহত না করে, সে বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
একাধিক প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান, প্রবাসীদের সম্পৃক্ততা তাদের প্রচারণাকে আরও শক্তিশালী করেছে। তারা আশা প্রকাশ করেন, এই সমর্থন নির্বাচনের ফলাফলেও ইতিবাচক প্রভাব ফেলবে।
বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে সক্রিয় প্রচারণায় অংশ নেওয়া যুক্তরাজ্যপ্রবাসী মুমিন খান মুন্না বাংলাদেশ প্রতিদিন-কে বলেন,‘প্রবাসে থাকলেও দেশের নির্বাচনের প্রতি আমাদের গভীর আগ্রহ রয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেই আমরা প্রায় দুই শতাধিক প্রবাসী এলাকায় এসেছি। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।’
বিডি-প্রতিদিন/আশফাক