‘দেশ মেরামতের সুযোগ এখন আপনারই হাতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণভোট ২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে ধর্মীয় নেতা, মসজিদের ইমাম ও সনাতন ধর্মাবলম্বীদের পুরোহিতদের অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধিমূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে এই সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এতে জেলার অর্ধশতাধিক ধর্মীয় নেতা অংশ নেন।
সংলাপে সভাপতিত্ব করেন সুজন কুড়িগ্রামের সভাপতি খায়রুল আনাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি।
এর আগে সুজনের প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার ভার্চুয়ালি যুক্ত হয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক তথ্য প্রচার ও সাধারণ মানুষের বিভ্রান্তি দূর করতে তৃণমূল পর্যায়ে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সভাপতির বক্তব্যে খায়রুল আনাম বলেন, গণভোট কী, কেন এটি অনুষ্ঠিত হচ্ছে—এসব বিষয় সাধারণ মানুষের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। দেশটি আমার, আপনার, আমাদের সবার। এই দেশকে ধ্বংস হতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, সুজন একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে সবসময় সাধারণ মানুষের কল্যাণ ও ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/সুজন