ব্রাহ্মণবাড়িয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে দিনব্যাপী ব্যাপক প্রচার–প্রচারণা চালিয়েছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার জেলার বিভিন্ন এলাকায় পথসভা, গণসংযোগ ও নির্বাচনী সভার মাধ্যমে ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন চাওয়া হয়।
এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির উদ্যোগে চাওড়া দৌলতবাড়ি দরবার শরীফ মাঠে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক সদস্য হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ও মাইনুল হোসেন চপল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজল মিয়া প্রমুখ।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সিঙ্গারবিল ইউনিয়নের চাওড়া, কাশীনগর, মেরাশানী ও দৌলতবাড়িসহ বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনের শপথ নিতে হবে। ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। আমাকে ভোট না দিলেও আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাবেন। ভোটাধিকার প্রয়োগ করুন।
বিডি-প্রতিদিন/সুজন