চাঁদপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এই প্রশিক্ষণের আয়োজন করেন। এতে জেলার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, চাঁদপুরে নির্বাচনকালীন পরিবেশ খুবই সন্তোষজনক। এখন পর্যন্ত কোনো প্রার্থী ফোন দিয়ে আমাকে কোনো অভিযোগ করেনি।
প্রশিক্ষণ বিষয়ে বলেন, নিজেকে নির্ভুল ও সঠিকভাবে উপস্থাপন করার উপায় হচ্ছে প্রশিক্ষণ। সাংবাদিকরা নানা বিষয়ে পড়াশোনা করলেও প্রশিক্ষণের কারণে যেকোনো বিষয় খুব অল্প কথায় জাতির কাছে চমৎকারভাবে উপস্থাপন করতে পারেন।
নির্বাচন সম্পর্কে বলেন, নির্বাচনকালীন সময়ে আপনারা অবশ্যই চাঁদপুরের জন্য নিউজ করবেন। এক্ষেত্রে কোনো বিষয় যদি আমার বিরুদ্ধেও যায়, তাতে কোনো সমস্যা নেই। সংবাদ করার আগে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যদি সমাধান করা যায়, তাহলে সেটাই উত্তম। সাংবাদিকদের লেখার কারণেই আমি প্রতিদিন দেখি এবং শিখি। আপনারা নির্বাচনকালীন যেই বিধি রয়েছে, তা অবশ্যই জেনে এবং মেনে চলবেন। ভোট গ্রহণে সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তা রয়েছেন, সকলের কার্যক্রম এবং আচার-ব্যবহার একই রকম নাও হতে পারে। এসব বিষয়গুলো বুঝেই কাজ করতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী। সাধারণ সম্পাদক এম. এ. লতিফের সঞ্চালনায় প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রশিক্ষণে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন পিআইবির গবেষক মোহাম্মদ সিদ্দিক ফারুক। প্রশিক্ষণ প্রদান করেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল সাদেক।
বিডিপ্রতিদিন/কবিরুল