নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনী পরিবেশ, ভোটকেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা এবং ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবীর।
তিনি বলেন, মাঠপর্যায়ের পরিস্থিতি এখন পর্যন্ত অত্যন্ত অনুকূলে রয়েছে এবং ভোটাররা উৎসবমুখর পরিবেশ ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রায়হান কবীর বলেন, প্রতিটি কেন্দ্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা না হলেও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন এবং উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কেন্দ্রগুলোর কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কাজে নিয়োজিত কর্মকর্তাদের জন্য একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবীর। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।
প্রশিক্ষণে নির্বাচন-সংক্রান্ত আইন, ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট ও ইভিএম ব্যবস্থাপনা, ভোটকেন্দ্র পরিচালনা, দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশ নেন।
বিডি প্রতিদিন/কেএইচটি