ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না এবং রাজনৈতিক প্রতিহিংসার বদলে সবাই ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করবে।
বৃহস্পতিবার রাজধানীর মুগদা থানার ৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, ঢাকা-৯ একটি নির্যাতিত, নিপীড়িত ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এলাকা। এ এলাকার মানুষের গ্যাস সংকট, জলাবদ্ধতা, রাস্তাঘাটের উন্নয়ন, চিকিৎসা ও শিক্ষা-সংক্রান্ত নানা সমস্যা রয়েছে। আগামী দিনে এ এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের ব্যাপকভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া প্রয়োজন। আত্মীয়স্বজনসহ সবাই ভোট দিতে গেলে এলাকার উন্নয়ন সম্ভব হবে। জনগণ যদি ধানের শীষে ব্যাপক ভোট দেয়, তবে তিনি দলের কাছে গিয়ে বলতে পারবেন এ এলাকার মানুষ ধানের শীষের পক্ষে ভোট দিয়েছে, তাই এই এলাকার উন্নয়নই সবার আগে নিশ্চিত করতে হবে।
আগামী দিনে ঢাকা-৯ আসনকে নিরাপদ রাখতে চান তিনি। এলাকা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত করার অঙ্গীকার করেন। এ প্রসঙ্গে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের কথা উল্লেখ করে বলেন, যারা এলাকার ক্ষতি করবে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করবে, তাদের আইনের আওতায় আনা হবে এবং রাজনৈতিকভাবেও শাস্তির ব্যবস্থা করা হবে।
হাবিব আরও বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না। তিনি চান, ঢাকা-৯ এলাকার মানুষ নিরাপদ ও ঐক্যবদ্ধ থাকুক এবং সবাই মিলেই এলাকার উন্নয়নে কাজ করুক।
বিডি প্রতিদিন/এমআই