নির্বাচনে জয়ী হওয়ার জন্য একটি দল জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম।
তিনি বলেন, যারা নির্লজ্জ, অসত্যা কথা বলে, তারা এখন যে ওয়াদা করে ক্ষমতায় গেলে একটা ওয়াদা পালন করবে না। তিনি বলেন, ‘তারা আমাদের বিরুদ্ধে কোনো কথা বলে না, ওই ৭১ সালের কথা নিয়ে আসে।
শনিবার (৩১ জানুয়ারি) রংপুরের তারাগঞ্জ উপজেলার তেতুলতলা উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
জামায়াত নেতা বলেন, ‘‘আমি বলেছি আমার এলাকায়, আমার বিরুদ্ধে ৭১ এর অভিযোগ করলে আমি তার বিরুদ্ধে মামলা ঠুকে দেব। কারণ আমি ৭১ এ কোনো অপরাধ করিনি, প্রমাণিত হয়ে জেল থেকে বের হয়ে এসেছি। এই মিথ্যা অভিযোগ করলে আমি আইনজীবীর সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, ইনশাআল্লাহ’’।
উল্লেখ্য, ২০১২ সালের ২২ আগস্ট পাঁচটি অভিযোগে গ্রেফতার হন জামায়াত নেতা আজহারুল ইসলাম। পরবর্তীতে ২০১৪ সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। রায়ে উল্লেখ করা হয়, তিনি ঝাড়ুয়ারবিল গণহত্যাসহ কয়েকটি ঘটনায় সম্পৃক্ত ছিলেন বলে আদালত মনে করেছে। তবে, অন্য কয়েকটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি সে অংশে নির্দোষ বিবেচিত হন।
রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, ‘আল্লাহ তোমাদের বিচার করবেন, ইনশাআল্লাহ।’ পরবর্তীতে তার আইনজীবীরা আপিল করে বলেন, মামলাটি রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল। তবে, ২০১৯ সালে সুপ্রিম কোর্ট তার আপিল খারিজ করেন।
এ মামলার বিচার প্রক্রিয়া নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করে এবং বিচারে অনিয়মের অভিযোগ তোলে। আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াত আমির ডা. শফিকুর রহমান ফের আপিল করেন। আপিলের প্রেক্ষিতে ২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগ থেকে সব অভিযোগ থেকে খালাস পান এবং পরদিন জেল থেকে মুক্তি পান তিনি।
বিডি প্রতিদিন/কামাল