ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পথনাটক মঞ্চায়নের মাধ্যমে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন স্থানীয় নাট্যকর্মীরা। এই আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থনে গ্রামে গ্রামে মঞ্চস্থ হচ্ছে পথনাটক ‘দি ডায়েরি’।
নাটকের সঙ্গে যুক্ত নাট্যকর্মীরা জানান, এতে ১৭ বছরের ফ্যাসিস্ট দুঃশাসন, গুম-খুনের চিত্র, ছড়িয়ে পড়া দুর্নীতি ও ভোট কেনাবেচার নানা ঘটনা তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিএনপি এবং পঞ্চগড়-১ আসনের প্রার্থীর বিভিন্ন প্রতিশ্রুতির কথাও নাটকের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করা হচ্ছে। গান, নৃত্য ও অভিনয়ের সমন্বয়ে নাটকটি সাজানো হয়েছে। প্রান্তিক গ্রামের বাড়ির উঠোন ও বাজারের খোলা জায়গায় নাটকটি মঞ্চস্থ হচ্ছে এবং প্রত্যন্ত এলাকার দর্শকরাও তা উপভোগ করছেন।
নাটকটির নির্দেশনা দিয়েছেন বদিউজ্জামান মিলন। এতে অভিনয় করেছেন ফাহিম আহমেদ, দুরন্ত দুর্নিবার, আতিফ ও রাহাত। সংগীত পরিচালনায় রয়েছেন রইস উদ্দিন, আনোয়ার, আদনান ও ইমরান।
নাটকের অভিনেতা ও কবি ফাহিম আহমেদ বলেন, ব্যারিস্টার নওশাদ জমিরের আগ্রহেই আমরা বিভিন্ন গ্রামে এই নাটক মঞ্চায়ন করছি। তাঁর নাটক ও সংস্কৃতির প্রতি আগ্রহ আমাদের অনুপ্রাণিত করেছে। তিনি একজন সৎ ও যোগ্য প্রার্থী।
নির্দেশক বদিউজ্জামান মিলন জানান, ৫ আগস্টের পর সাংস্কৃতিক অঙ্গন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। মঞ্চনাটক বা পথনাটক চর্চা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সারা দেশে সাংস্কৃতিক কর্মীরা এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছেন।
তিনি আরও জানান, এমন সময়ে কোনো রাজনৈতিক দল যদি তাদের প্রচারণায় মঞ্চনাটক বা পথনাটককে উপজীব্য করে, তা সংস্কৃতির জন্য অবশ্যই সুখবর। পঞ্চগড় বিএনপির এই উদ্যোগ সারা দেশে ইতিবাচক সাড়া ফেলবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ