ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বারবাজার বাসস্ট্যান্ডে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এবং ইউনিয়ন আমির মাস্টার আরশেদ আলী পাতার সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ–৪ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবু তালিব।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সৎ নেতৃত্ব গঠনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে। দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের শিকার। জনগণ এখন একটি ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা দেখতে চায়।
তিনি আরও বলেন, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। দাঁড়িপাল্লা প্রতীক ন্যায় ও ইনসাফের প্রতীক। এই প্রতীকে ভোট দিয়ে আপনারা একটি দুর্নীতিমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে অংশ নিন।
কালীগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে মাওলানা আবু তালিব বলেন, আগামী নির্বাচনে ভয়ভীতি ও প্রলোভন উপেক্ষা করে যোগ্য, সৎ ও আদর্শবান নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিক শাসনব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
জনসভা শেষে নেতাকর্মীরা নির্বাচনী কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
বিডি-প্রতিদিন/মাইনুল