সিরাজগঞ্জ–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা সদর উপজেলার চরাঞ্চলে নির্বাচনী গণসংযোগ ও সভা করেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মেছড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।
গণসংযোগকালে সেলিম রেজা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে চরাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে কার্যকর উদ্যোগ নেয়া হবে।
তিনি বলেন, চরাঞ্চলের কৃষি জমিতে বিপ্লব ঘটানো হবে এবং বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে চরবাসীর যেসব সমস্যা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে।
তিনি আরও বলেন, চরাঞ্চলের মানুষ মূলত কৃষি ও গবাদিপশু পালনের ওপর নির্ভরশীল। তাই কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের সার, বীজ, কীটনাশকসহ প্রয়োজনীয় সব সুবিধা দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেক নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। চরাঞ্চলের শিশুদের শিক্ষার উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণের কথাও জানান তিনি।
গণসংযোগকালে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, অ্যাডভোকেট রবিউল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হকসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাইনুল