ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর–৪ আসনের বিএনপির প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে সারাদেশে অনেক অর্জন রয়েছে। আমি অসংখ্য নেতা-কর্মী তৈরি করেছি। কোনো বিপদে পড়লে দেখবেন, আপনাকে সাহায্যের জন্য ১০ মিনিটে ১০ জন ঘিরে ধরেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন আলম সাহাবুরের বাড়িতে এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
শহিদুল ইসলাম বাবুল উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা যদি টেকনাফ, তেতুলিয়া, রুপসা বা পাথুরিয়া গিয়ে বিপদে পড়েন এবং বলেন শহিদুল ইসলাম বাবুল আপনার ভাই, বন্ধু, নেতা, তখন কেউ বলবে না যে আমি বাটপার, অসৎ বা বেয়াদব। যদি কেউ এমন বলেন, তবে আপনারা আমাকে ভোট দেবেন না।
তিনি আরও বলেন, সঠিক নেতা নির্বাচন করা ঈমানী দায়িত্ব। আমি একজন কৃষকের সন্তান। আমি যদি উঠে আসতে না পারি, আপনার সন্তানও উঠে আসতে পারবে না। আমি যদি আপনাদের দুঃখ না বুঝি, তাহলে জমিদার পুত্ররাও বুঝবে না।
সভায় উপস্থিত জনতা দুহাত তুলে তাকে সমর্থন জানান। শহিদুল ইসলাম বাবুল এসময় বলেন, ১২ তারিখে ভোট বিপ্লবের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনবো।
সভায় নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন আলম সাহাবুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/মাইনুল