বয়স যে কেবলই একটি সংখ্যা, তা ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের প্রতিটি ধাপে প্রমাণ করে চলেছেন। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সম্পূর্ণ ভিন্নধর্মী ও মজাদার এক বিশ্বরেকর্ড গড়েছেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা। বিশ্বকাপ ইতিহাসের ইতিহাসে যেকোনো ম্যাচে শুরুর একাদশে থাকা দুই ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ বয়সের ব্যবধানের নতুন এক নজির সৃষ্টি হয়েছে এই ম্যাচে।
যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে গ্রুপ ‘কে’-এর এই ম্যাচে পর্তুগালের হয়ে যখন অধিনায়ক হিসেবে মাঠে নামেন ৪১ বছর ১৩৮ দিন বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো, ঠিক তখন উজবেকিস্তানের শুরুর একাদশে জায়গা করে নেন তরুণ মিডফিল্ডার বেখরুজন কারিমভ, যার বয়স মাত্র ১৮ বছর ৩২০ দিন।
পরিসংখ্যান অনুযায়ী, মাঠের লড়াইয়ে নামা এই দুই ফুটবলারের মধ্যকার বয়সের ব্যবধান ছিল ঠিক ২২ বছর ১৮৩ দিন! ফুটবল বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এর আগে কখনোই কোনো ম্যাচের শুরুর একাদশে থাকা দুই খেলোয়াড়ের মধ্যে এত বড় বয়সের ব্যবধান দেখা যায়নি।
খেলার মাঠে যেখানে কারিমভের মতো তরুণরা বিশ্বমঞ্চে নিজেদের প্রথম অভিজ্ঞতার স্বাদ নিচ্ছেন, সেখানে তাঁর চেয়ে ২২ বছরের বড় রোনালদো একই ম্যাচে শুধু খেলেনইনি, বরং নিজের জাত চিনিয়ে জোড়া গোলও করেছেন। এই ম্যাচের মাধ্যমে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৬টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ডও নিজের করে নেন সিআরসেভেন। মাঠের এই বিশাল বয়সের ব্যবধান সত্ত্বেও রোনালদোর এমন পারফরম্যান্স তরুণ প্রজন্মের ফুটবলারদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হিসেবেই থাকবে।
বিডি প্রতিদিন/আশিক