রাজধানী ঢাকায় সুপেয় ও নিরাপদ পানি পান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) জনস্বাস্থ্যের জন্য নিরাপদ পানির গুরুত্ব তুলে ধরতে বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার উপদেষ্টা অধ্যাপক ড. প্রকৌশলী মো. রশিদুল হাসান।
সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে নগরবাসীর মাঝে বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা, দূষিত পানির ক্ষতিকর প্রভাব এবং নিরাপদ পানি ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি পানি ফুটিয়ে পান করা, নিরাপদ ফিল্টার ব্যবহার, পানির উৎস পরিষ্কার রাখা এবং বোতলজাত পানির মান যাচাইয়ের বিষয়েও ভাটারা থানার এলাকাবাসীদের সচেতন করা হয়।
প্রধান অতিথি অধ্যাপক ড. প্রকৌশলী রশিদুল হাসান বলেন, নিরাপদ ও সুপেয় পানি মানুষের মৌলিক অধিকার হলেও রাজধানী ঢাকায় বসবাসরত বিপুল জনগোষ্ঠী আজও নানাভাবে পানির মানজনিত ঝুঁকির মুখে রয়েছে। অপরিকল্পিত নগরায়ন, শিল্পবর্জ্য, পাইপলাইনের লিকেজ ও পানির উৎস দূষণের কারণে পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
তিনি আরও বলেন,বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, দূষিত পানি ও অপর্যাপ্ত স্যানিটেশনের কারণে প্রতিবছর অসংখ্য মানুষ ডায়রিয়া, টাইফয়েড, কলেরা ও জন্ডিসসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়। বিশেষ করে শিশু ও বয়স্করা এই ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকে। তাই নিরাপদ পানি নিশ্চিত করা শুধু একটি উন্নয়নমূলক বিষয় নয়, এটি একটি জীবন রক্ষাকারী উদ্যোগ।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার সভাপতি সাব্বির হোসেন রুপক, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন,সাংগঠনিক সম্পাদক ফাহিম হাসান, সহ-সভাপতি সাদিয়া জাহান স্নেহা, যুগ্ম সাধারণ সম্পাদক আফরিনা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক মাজিয়া মেহজাবিন রহমান, কার্যনির্বাহী সদস্য ইসমাম আহমেদ খান, প্রতাপ কুমার দাস জয়, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, জুবায়ের, মুন বাবু, জিহাদুল ইসলাম হৃদয়সহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার সভাপতি সাব্বির হোসেন রুপক বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার হলেও দুঃখজনকভাবে রাজধানী ঢাকার অনেক মানুষ আজও ঝুঁকিপূর্ণ পানি পান করতে বাধ্য হচ্ছে। এই বাস্তবতা থেকেই বসুন্ধরা শুভসংঘ সুপেয় ও নিরাপদ পানি নিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্বাস করি, সচেতনতা বাড়লেই পানিবাহিত রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন বলেন, ঢাকায় ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিসসহ পানিবাহিত রোগের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। এর অন্যতম প্রধান কারণ দূষিত পানি। এই কর্মসূচির মাধ্যমে আমরা মানুষকে নিরাপদ পানি ব্যবহারের সঠিক পদ্ধতি জানাতে এবং নিজেদের পরিবার ও আশপাশের মানুষকে সচেতন করার আহ্বান জানিয়েছি।
বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার সাংগঠনিক সম্পাদক এ ই এম ফাহিম হাসান বলেন, নিরাপদ পানি শুধু আজকের প্রয়োজন নয়, এটি আগামী প্রজন্মের সুস্থ ভবিষ্যতের সঙ্গেও সরাসরি জড়িত। একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশ অনেকাংশেই নির্ভর করে সে কী ধরনের পানি পান করছে তার ওপর। তাই এই উদ্যোগকে আমরা একটি সামাজিক দায়িত্ব হিসেবে দেখছি।
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং শিশু ও বয়স্কদের মাঝে নিরাপদ পানি ব্যবহারে বিশেষ গুরুত্বারোপ করেন। অনেক পথচারী এধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
এলাকাবাসীরা বলেন, আমরা প্রতিদিন পানি পান করি, কিন্তু পানি কতটা নিরাপদ, তা নিয়ে ভাবি না। আজকের কর্মসূচি আমাদের চোখ খুলে দিয়েছে।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনকল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে বসুন্ধরা শুভসংঘ। তারই ধারাবাহিকতায় সুপেয় ও নিরাপদ পানি বিষয়ক এই সচেতনতামূলক কর্মসূচি নগরবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করছেন আয়োজকরা।
বিডি-প্রতিদিন/মাইনুল