সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কাজে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার প্রত্যয় নিয়ে বসুন্ধরা শুভসংঘ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখার নবনির্বাচিত নির্বাহী কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) ভবনের তৃতীয় তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা এবং স্বেচ্ছাসেবার গুরুত্ব নিয়ে একটি বিশেষ আলোচনা সভা।
সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু একাডেমিক অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং একজন শিক্ষার্থীর সামাজিক মূল্যবোধ, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার ক্ষেত্রও এটি। এ লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ শিক্ষার্থীদের সমাজের বিভিন্ন সমস্যার প্রতি সচেতন করে তুলতে এবং মানবিক কাজে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে।
এ ছাড়াও বৈঠকে নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা আগামী এক বছরের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বিভিন্ন সেবামূলক, সামাজিক ও সৃজনশীল উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। আলোচনায় বিগত কার্যক্রমের অভিজ্ঞতা বিশ্লেষণ করে ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সুসংগঠিত ও ফলপ্রসূ করার দিকনির্দেশনা নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখার সম্পাদক লাইবা তাবাসসুম। তিনি বলেন,“নতুন কমিটির প্রথম সভায় বসুন্ধরা শুভসংঘের আগামী এক বছরের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত নির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সামাজিক উদ্যোগ, স্বেচ্ছাসেবামূলক কাজ এবং সাংগঠনিক উন্নয়ন বিষয়ে নিজেদের ভাবনা, আইডিয়া ও প্রস্তাব উপস্থাপন করেন। ”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নাজিফা তাসনিম জিফা, সাংগঠনিক সম্পাদক নিকন দত্ত, অর্থ সম্পাদক মাইনুল হোসেন মাহীন, প্রচার সম্পাদক মুহতাসিম ফুয়াদ হৃদয়, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফাহিম নুজহাত জাহিন, গ্রন্থনা বিষয়ক সম্পাদক হাফসা হক তৃপ্তি, উদ্ভাবন বিষয়ক সম্পাদক সায়ীদা আতিক এবং সংগঠনের কার্যকরী সদস্যবৃন্দ।
উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। চুয়েট শাখাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নিয়মিত মানবিক, সচেতনতামূলক ও সেবামূলক কর্মসূচি পরিচালনা করে থাকে।নতুন কমিটির এই প্রথম বৈঠক শিক্ষার্থীদের মাঝে মানবিক চেতনা জাগ্রত করা এবং সুসংগঠিত স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিডি-প্রতিদিন/তানিয়া