ভাষার মাসের শুরুতেই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রংপুরে শহীদ মিনার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখা। রবিবার সকালে নগরীর ব্যস্ততম সাতমাথা এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি এবং রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন মো. আজহারুল ইসলাম দুলালের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচিতে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে শহীদ মিনার চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
পরিচ্ছন্নতা অভিযানে শহীদ মিনার প্রাঙ্গণে জমে থাকা আবর্জনা অপসারণ, চারপাশ ঝাড়ু দেওয়া এবং সামগ্রিক পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। কর্মসূচির মাধ্যমে ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত এ ঐতিহাসিক স্থাপনাটির মর্যাদা অক্ষুণ্ন রাখতে সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়।
আয়োজকরা বলেন, “শহীদ মিনার আমাদের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রতীক। এটি শুধু একটি স্থাপনা নয়, আমাদের আত্মপরিচয়ের অংশ। তাই শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব।”
তারা আরও জানান, বসুন্ধরা শুভসংঘ সবসময়ই সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমে বিশ্বাসী। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক ও সচেতনতামূলক নানা উদ্যোগ অব্যাহত থাকবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সহ-সভাপতি আবু সামছ আরমানুল হক, আরমান আরাফাত, সমাজকল্যাণ সম্পাদক সোহা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বিডি-প্রতিদিন/তানিয়া