খাবার নয়, আজ যেন ভাগ হলো ভালোবাসা। মানবতার এই সারিতে বয়স, পেশা কিংবা পরিচয়—সবই ছিল তুচ্ছ। মানবিক দায়বদ্ধতা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে একবেলার খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর রেলস্টেশনে অবস্থানরত পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে এ খাদ্য বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।
আয়োজকরা জানান, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। অথচ জীবনের নির্মম বাস্তবতায় অনেক শিশুই মা–বাবার স্নেহের আশ্রয় হারিয়ে পথে নেমে আসে। ক্ষুধা, দারিদ্র্য আর অনিশ্চয়তা তাদের ঠেলে দেয় অনিরাপদ জীবনের দিকে। পথশিশুদের জীবনে অবহেলা যেন নিত্যসঙ্গী। কেউ হাত পাতে এক-দুই টাকার আশায়, কেউ কাগজ কুড়িয়ে জীবিকা খোঁজে। তীব্র শীতেও অনেককে গরম কাপড় ছাড়াই থাকতে দেখা যায়—যা সত্যিই বেদনাদায়ক ও অমানবিক।
বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি অরুপ কুমার রায় বলেন, অসহায়, গরিব ও পথশিশুদের পাশে দাঁড়ানো এবং সমাজসেবামূলক কাজ করাই বসুন্ধরা শুভসংঘের মূল লক্ষ্য। তরুণরা এগিয়ে এলে কঠিন কাজও সহজ হয়ে যায়। আমরা চাই, দেশ ও সমাজের সেবাই হোক তরুণ প্রাণের জয়ধ্বনি। মানবতার পথে এই ছোট্ট প্রয়াসই আমাদের সবচেয়ে বড় পরিচয়।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি প্রতাব চন্দ্র রায়, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আতিকুল ইসলাম, সৌরভ কর্মকার, অর্থ সম্পাদক বর্ণালী মির্জা (বর্ণা), কার্যকরী সদস্য জিনিয়া আফসারী, রুবাইয়া রহমান ও তমাল রহমান।
মানবিক এই উদ্যোগ পথশিশু ও ছিন্নমূল মানুষের মুখে কিছুক্ষণের জন্য হলেও হাসি ফোটায়—আর স্বেচ্ছাসেবীদের মনে জাগায় দায়বদ্ধতার তৃপ্তি।
বিডি-প্রতিদিন/মাইনুল