মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করতে ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ, নেত্রকোনা জেলা শাখা। ‘মাদক ছেড়ে মাঠে আসুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন’—এই স্লোগান সামনে রেখে তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে খেলাধুলার মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে আয়োজন করা হয় এক প্রীতি ফুটবল ম্যাচ।
ম্যাচ শুরুর আগে মাদকের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে রেফারি লাল কার্ড প্রদর্শন করেন, যা উপস্থিত সবার মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় বসুন্ধরা শুভসংঘ নেত্রকোনা জেলা শাখা ও জেলার স্বনামধন্য শেখ মোয়াজ্জেম ফুটবল একাডেমি। খেলা শুরুর পর থেকেই মাঠজুড়ে ছিল উত্তেজনা, গতি আর দর্শকদের প্রাণবন্ত উচ্ছ্বাস। দুই দলের আক্রমণ–পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে শেষ পর্যন্ত ১–০ গোলে জয় নিশ্চিত করে বসুন্ধরা শুভসংঘ। ম্যাচের একমাত্র ও নির্ণায়ক গোলটি দলকে এনে দেয় গৌরবের জয়, আর দর্শকদের ভাসায় আনন্দে।
বসুন্ধরা শুভসংঘ দলের অধিনায়ক ছিলেন সংগঠনের সভাপতি ও বাংলা নিউজ ২৪–এর সাংবাদিক আব্দুর রহমান। অপরদিকে শেখ মোয়াজ্জেম ফুটবল একাডেমির নেতৃত্ব দেন শেখ মোয়াজ্জেম। দুই অধিনায়কের নেতৃত্বে ম্যাচটি ছিল শৃঙ্খলাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ।
খেলা শেষে মাঠেই অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদকাসক্তির অন্ধকার থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম।
বসুন্ধরা শুভসংঘ নেত্রকোনা জেলা শাখার সভাপতি আব্দুর রহমান বলেন, মাদক যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। তাই তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই আমাদের এই উদ্যোগ।
শেখ মোয়াজ্জেম ফুটবল একাডেমির অধিনায়ক শেখ মোয়াজ্জেম বলেন, মাদক নয়, খেলাধুলাই হোক তরুণদের আসল শক্তি। মাঠে আমরা যেমন শৃঙ্খলা, নিয়ম ও দলগত চেতনা শিখি—তেমনি সমাজ থেকেও মাদককে বিদায় জানাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
খেলায় উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শ্যামলেন্দু পাল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজরুল আলম ফিরোজ, আহমেদ তন্ময়, বিপ্লব, উজ্জল প্রমুখ।
ম্যাচের প্রাণবন্ত ধারাভাষ্য দেন এস এম সোহেল রানা, যার উপস্থাপনায় মাঠে ছিল বাড়তি উচ্ছ্বাস। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়ানুরাগী ও অসংখ্য দর্শকের উপস্থিতি খেলোয়াড়দের দারুণভাবে অনুপ্রাণিত করে।
বসুন্ধরা শুভসংঘ নেত্রকোনা জেলা শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ ফিরোজ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাঈম হাসান, সমাজকল্যাণ সম্পাদক মো. টিপু সুলতানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সমাজকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল