শিশুদের মনে বিশ্ব সম্পর্কে জানার কৌতূহল ও বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে একটি বৈচিত্র্যময় ও সৃজনশীল কর্মশালার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখা। মঙ্গলবার নাটোর রেলওয়ে স্টেশন সংলগ্ন স্বপ্নকলি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিশুদেরকে পৃথিবীর গঠন, মহাদেশ, মহাসাগর ও পরিবেশ সম্পর্কে সহজ ও মজার তথ্য দিয়ে শেখানো হয়। এরপর একটি সৃজনশীল চিত্রাঙ্কন সেশনের আয়োজন করা হয়, যেখানে শিশুরা তাদের কল্পনায় পৃথিবীকে রং-তুলিতে ফুটিয়ে তোলে। আঁকা শেষে শিশুদের তৈরিকৃত সবগুলো ছবি একত্রে একটি প্রদর্শনীর আকারে সাজানো হয়। শিশুদের নিজেদের শিল্পকর্ম দেখে এবং অন্যদের কাজ সম্পর্কে জানার মাধ্যমে একটি আনন্দঘন ও শিক্ষামূলক পরিবেশ সৃষ্টি হয়।
সংগঠনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সৈকত এই উদ্যোগ সম্পর্কে বলেন, “আমাদের লক্ষ্য কেবল সতর্কতা শিক্ষাই নয়, শিশুদের মন ও চিন্তাকে বিকশিত করাও। পৃথিবী সম্পর্কে এই ধারণা তাদের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করবে এবং তাদেরকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠতে প্রেরণা দেবে।”
সাধারণ সম্পাদক সুষ্ময় দাস তনয় তার বক্তব্যে উল্লেখ করেন, “এ ধরনের সৃজনশীল কার্যক্রম শিশুদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই প্রতিটি শিশুর মধ্যে জানার আগ্রহ সৃষ্টি হোক। এটি তাদের ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ।”
এ আয়োজনে শিশুদের সৃষ্টিশীলতা স্বীকৃতি দেওয়ার জন্য তাদের আঁকা ছবির প্রদর্শনীর মাধ্যমে তাদেরকে উৎসাহ ও আত্মবিশ্বাস প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত থেকে শিশুদের সাথে এই জ্ঞানভিত্তিক সময় কাটান।
বিডি-প্রতিদিন/তানিয়া