সামাজিক ও পরিবেশ রক্ষায় বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়ন করছে বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখা। পরিবেশ সচেতনতা, শিক্ষা সহায়তা, কৃষি উন্নয়ন এবং মানবিক কার্যক্রম সবখানেই সংগঠনটির সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সমশিরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মপরিকল্পনা সভায় সদস্যরা পরিবেশ রক্ষা, নদী ও পানি দূষণ প্রতিরোধ, বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং পানি অপচয় রোধে কার্যকর উদ্যোগ নেয়ার অঙ্গীকার করেন। পরিবেশ, নদী-খাল পরিচ্ছন্ন রাখতে সচেতনতামূলক প্রচার, প্লাস্টিকবিরোধী অভিযান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করার সিদ্ধান্ত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি গাছে পেরেক অপসারণ, ক্ষতিকর পোস্টার সরানো এবং সৌন্দর্যবর্ধনে নির্দিষ্ট নিয়ম মেনে গাছে রঙ করার উদ্যোগ নেয়া হয়। সদস্যরা বলেন, গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে এই বিশ্বাস থেকেই তাদের ধারাবাহিক প্রচেষ্টা।
কৃষকদের সহায়তায় বিনামূল্যে উন্নতমানের বীজ বিতরণ এবং পানি সাশ্রয়ী কৃষি পদ্ধতি নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ও শিক্ষা উপকরণ সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা, প্রচারাভিযান এবং স্থানীয়ভাবে সমন্বিত উদ্যোগ নেয়ার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ ও মানবিক সহায়তা প্রদান কর্মসূচিও চলমান রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম রাসেল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ সদস্যবৃন্দ সেলিম হোসেন , সাকলাইন, সাহেদ, রিমন, নিলয়, মেহেদি, আরাফাত, আশরাফুল, আকাশ, রিয়াদ, শাওন, আলী আজগর, আব্দুল্লাহ, আবু সাহেহ, মুয়াহ, নুরাইন, তানজিল, শিহাব, ফিরোজ, তুহিন ও শাকিল প্রমুখ।
সদস্যরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে ইতিবাচক কাজের মাধ্যমে একটি সচেতন, মানবিক ও পরিবেশবান্ধব সমাজ গঠনে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। পরিবেশ, শিক্ষা, কৃষি ও মানবিক সেবায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখা সমাজ উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
বিডি-প্রতিদিন/মাইনুল