শিশুদের পাঠভীতি দূর করে বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ পাবনা সদর উপজেলা শাখা। সংগঠনের আয়োজনে সোমবার সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মজার ছলে শিশুতোষ গল্পের বই পাঠের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি, পাঠভীতি দূরীকরণ এবং নিরানন্দ ও একঘেয়ে শিক্ষাব্যবস্থার বাইরে আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলা। আয়োজকরা জানান, বর্তমান সময়ে শিশুদের মধ্যে মোবাইল নির্ভরতা বাড়ছে; ফলে পাঠ্যবইয়ের বাইরের বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। এ বাস্তবতায় গল্পের বইয়ের মাধ্যমে শিশুদের কল্পনাশক্তি, ভাষাগত দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুর্মী পারভীন। তিনি বলেন, ‘শিশুদের মানসিক বিকাশে পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প, কবিতা ও ছড়ার বই অত্যন্ত কার্যকর। বই পড়ার মাধ্যমে তারা শুধু জ্ঞানই অর্জন করে না, বরং মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষাও লাভ করে।’ তিনি এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আকবর রাজু। তিনি বলেন, পড়ার আনন্দকে যদি আমরা উৎসবে পরিণত করতে পারি, তবে শিশুরা স্বতঃস্ফূর্তভাবেই বইয়ের প্রতি আগ্রহী হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা শাখার সভাপতি মাহবুবুল আলম ফারুক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, কালের কণ্ঠ পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, পাবনা সদর উপজেলা শাখার সভাপতি ফারহানা আক্তারসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিরা নাজনীন, জাকিয়া সুলতানা, আফরোজা নাজনীন, নাহিদ ইসলাম, হাসিনা আক্তার ছন্দা, সুবর্ণা রানী ভৌমিক ও জিয়াসমিন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা দলগতভাবে গল্পের বই পাঠ করে এবং নিজেদের অনুভূতি প্রকাশ করে। কেউ গল্পের চরিত্র বিশ্লেষণ করে, কেউবা গল্পের শিক্ষা নিয়ে আলোচনা করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের পাঠচক্র ও সৃজনশীল কর্মসূচি পরিচালনা করা হবে।
সার্বিকভাবে আয়োজনটি শিশুদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে এবং বইয়ের প্রতি নতুন আগ্রহ তৈরি করতে সক্ষম হয়—যা একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন আয়োজকরা।
বিডি-প্রতিদিন/মাইনুল