আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বর্ণিল চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ, উল্লাপাড়া শাখা। সোমবার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রংধনু ডিজিটাল স্কুল প্রাঙ্গণে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে বিদ্যালয় চত্বর যেন রং-তুলির আঁচড়ে হয়ে ওঠে একুশের চেতনার জীবন্ত ক্যানভাস।
প্রতিযোগিতায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিয়ে একুশে ফেব্রুয়ারি, ভাষা আন্দোলন এবং ভাষা শহীদদের আত্মত্যাগের চিত্র ফুটিয়ে তোলে। শিশুদের আঁকা ছবিতে উঠে আসে শহীদ মিনার, রক্তস্নাত পথ, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ লেখা ব্যানারসহ মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। ছোট্ট হাতের রঙিন আঁচড়ে প্রাণ ফিরে পায় বাঙালির গৌরবময় ইতিহাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপিকা রাশেদা হোসাইন রোজী, বসুন্ধরা শুভসংঘ উল্লাপাড়া শাখার সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক সুমন আনসারী, শিক্ষিকা তানজিরা আক্তার স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমরান হাসান আলিফ, সদস্য সাবা মাহবুব, সজল হোমেন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
প্রধান অতিথি আলহাজ রেজাউল করিম স্বপন বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। বসুন্ধরা শুভসংঘের এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। চিত্রাঙ্কনের মাধ্যমে শিক্ষার্থীরা একুশের ইতিহাস জানার পাশাপাশি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। এ ধরনের আয়োজন শিশুদের মনে দেশপ্রেম ও ভাষার প্রতি দায়বদ্ধতা তৈরি করবে।”
বসুন্ধরা শুভসংঘের নারী বিষয়ক সম্পাদক বলেন, “শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা নিজ নিজ মেধা ও সৃজনশীলতার মাধ্যমে ভাষা আন্দোলনের চেতনাকে ফুটিয়ে তুলেছে। ভবিষ্যতেও শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে আমরা এ ধরনের আয়োজন অব্যাহত রাখব।”
প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা হলো- সাদিক (চতুর্থ শ্রেণি), সুমাইয়া আফরিন শেফা (চতুর্থ), সিনহা খাতুন (পঞ্চম), নামিরা (পঞ্চম), ফারহান সাদিক মাহিম (পঞ্চম), রাইফা ইসলাম হিয়া (চতুর্থ), তাসনিয়া জান্নাত (তৃতীয়), সিয়াম হোসাইন (চতুর্থ), হুমায়রা হিয়া (তৃতীয়), উম্মে সারা মনি (চতুর্থ), আদিল আহনাফ ইসলাম (তৃতীয়), আফিয়া (পঞ্চম), ফাতেমা (তৃতীয়), নিশাত নাবিলা আভা (পঞ্চম), হুমায়রা সরকার (পঞ্চম) এবং রেদওয়ানুল (চতুর্থ)।
চতুর্থ শ্রেণির ছাত্র পিয়াল জানায়, প্রতিযোগিতায় অংশ নিতে পেরে সে খুব আনন্দিত। ভাষা শহীদ সালাম, বরকত, রফিক ও জব্বারের আত্মত্যাগের কথা স্মরণ করে সে বলে, “আমাদের ভাষার জন্য তারা জীবন দিয়েছেন—এটা ভাবলেই গর্ব হয়।”
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিশাত নাবিলা আভা বলেন, “ফলাফল যাই হোক, অংশগ্রহণই আমার কাছে বড় প্রাপ্তি। একুশ নিয়ে ছবি আঁকতে পেরে খুব ভালো লেগেছে।”
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/তানিয়া