ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় খেলার মাঠে ভাষা চর্চা ও সচেতনতা কার্যক্রমের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ নবীনগর শাখা। মঙ্গলবার বিকেলে উপজেলার কনিকাড়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহান ভাষা শহীদদের বীরত্ব ও অবদান, শুদ্ধ বাংলা ভাষা শিক্ষা এবং সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগে নাগরিক দায়িত্ব ও কর্তব্য নিয়ে মুক্ত আলোচনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘ নবীনগর শাখার সদস্য মো. মনির হোসেন, নবীনগর বসুন্ধরা শুভসংঘের সিনিয়র সহ-সভাপতি ও শিক্ষক বাবুল আহমেদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষক মো. মনিরুল ইসলাম, শিক্ষক মো. লুৎফুর রহমান এবং আল মামুন ও মো. ইব্রাহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবীনগর উপজেলা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের নবীনগর উপজেলা প্রতিনিধি মো. মাজেদুল ইসলাম।
বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। কিন্তু ভিনদেশি ভাষার প্রভাবে বাংলা ভাষার মান-মর্যাদা দিন দিন ক্ষুণ্ন হচ্ছে। অনেকে অপ্রয়োজনীয়ভাবে কথায় কথায় ইংরেজি ব্যবহার করছেন, ফলে সর্বক্ষেত্রে বাংলা ভাষার সঠিক চর্চা ব্যাহত হচ্ছে না। এভাবে চলতে থাকলে ভাষা শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
আলোচনায় বাংলা সাহিত্য ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে বক্তারা কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, জসীমউদ্দীন, সুকুমার রায় এবং আহসান হাবীব–এর সাহিত্যকর্মের উদাহরণ টেনে বলেন, নিজস্ব সংস্কৃতি লালন ও চর্চাই ভাষা রক্ষার প্রধান উপায়।
সবশেষে গোপালপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনির হোসেন ভাষা বিকৃতির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/তানিয়া