বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা তৈরি ও আত্মনির্ভরশীল মানবসম্পদ গড়ে তুলতে দিনব্যাপী বসুন্ধরা শুভসংঘের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী ফাঁসিতলায় একটি মিলনায়তনে এ কর্মশালা আয়োজন করা হয়। এতে ২০ জন পুরুষ ও ৫ জন নারী অংশগ্রহণ করেন।
শেরপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনু। কর্মশালায় বক্তব্য রাখেন সালেহা কমপ্লেক্সের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম, ফারুক এন্টারপ্রাইজের চেয়ারম্যান ফারুক হোসেন, আফরোজা এগ্রো ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী আইয়ুব আলী, কৃষিবিদ মোফাজ্জল হোসেন এবং সংগঠনের সদস্য আবু জাফর, গোলাম রব্বানী ও হাবিবুর রহমান পান্না।
শুরুতে মো. রফিকুল ইসলাম ‘বর্তমান সময়কে তরুণদের জন্য সম্ভাবনাময়’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘চাকরির পেছনে না ছুটে নিজের ভেতরের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। সঠিক প্রশিক্ষণ, ধৈর্য ও অধ্যবসায় থাকলে যে কেউ সফল উদ্যোক্তা হতে পারে।’
বক্তারা অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং নিজেদের বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা, বাজার বিশ্লেষণ ও নেটওয়ার্কিংয়ের গুরুত্ব তুলে ধরেন।
শেরপুর উপজেলা শাখার সহ-সভাপতি শিক্ষক শাহনাজ পারভীন বলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ-এর অর্থায়নে পরিচালিত বসুন্ধরা শুভসংঘ সামাজিক ও জনকল্যাণমুখী কাজ করে চলেছে। অপ্রতিরোধ্য বাংলাদেশ গড়তে তরুণ উদ্যোক্তা তৈরি ও আত্মনির্ভরশীল মানবসম্পদ গড়ে তুলতে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আজকের এই কর্মশালা।
দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীরা উদ্যোক্তা উন্নয়ন সংক্রান্ত মৌলিক ধারণা, ব্যবসা পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ পান।
আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ তরুণদের আত্মনির্ভরশীল হতে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি-প্রতিদিন/এমই