‘স্বপ্ন দেখার সাহস, সংকল্পে অবিচলতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাই শিক্ষার্থীকে সমাজ পরিবর্তনের নায়ক করে তোলে’— এই ভাবনাকে সামনে রেখে আলোচনা সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ রাজশাহী কলেজ শাখা। একই অনুষ্ঠানে সদ্য ঘোষিত জেলা শাখার নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী কলেজের মোহসিন ভবনের গ্যালারি রুমে এ সভায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শাখার উপদেষ্টা ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাদিয়াতুন আজিজ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে দৃঢ় সংকল্প ও মানবিক চেতনা নিয়ে এগিয়ে যেতে হবে।
নবনির্বাচিত সভাপতি মিরাতুজ জাহান মিলি বলেন, ‘শিক্ষার্থীর শক্তি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; সমাজের অসংগতি দূর করে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায়ও শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রাখতে পারে।’ এ সময় তিনি শিক্ষা, সচেতনতা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সহসভাপতি প্রীতি চৌধুরী ও সাকিল পারভেজ শিক্ষার্থীদের সৃজনশীল ও সামাজিক উদ্যোগে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন। যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ ইসলাম, লাবিব ইমন, তামিম তুলি ও সুমাইয়া হক সংগঠনের কার্যক্রমকে আরও সক্রিয় ও অংশগ্রহণমূলক করার পরিকল্পনার কথা জানান।
এছাড়া অর্থ সম্পাদক ইক্তিয়ার রিমন, দপ্তর সম্পাদক মো. তৌফিকুর রহমান, ইভেন্ট সম্পাদক তানভীর হোসেন রওনক, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. রহমত আলী, তথ্য বিষয়ক সম্পাদক দ্বীপ রয় রুদ্র, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডি. এম আল-আমিন এবং কার্যনির্বাহী সদস্য আকিব ইমতিয়াজ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, নতুন কমিটি রক্তদান কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষাবিষয়ক সচেতনতা কার্যক্রম ও মানবিক সহায়তা উদ্যোগ গ্রহণ করবে। রাজশাহী কলেজ ও আশপাশের এলাকায় ইতিবাচক ভূমিকা রাখতে সবাই একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/এমই