শুভ কাজের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে উত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা বসুন্ধরা শুভসংঘ। পবিত্র রমজান মাসে সংযম ও আত্মশুদ্ধির চর্চাকে সামনে রেখে ইফতার মাহফিল, পথচারীদের মাঝে ইফতার বিতরণ এবং দেশ ও মানুষের কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে নতুন কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছেন।
শনিবার দেবীগঞ্জ উপজেলার একটি বেসরকারি প্রতিষ্ঠানে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের তরুণ ও উদ্যমী সদস্যরা। একই সঙ্গে আগামী দিনে মানবিক ও কল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার করেন তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাহিদ সিদ্দিক বাপ্পী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও তরুণ স্কুল শিক্ষক হাসান রায়হান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শেখ ফরিদ, সাধারণ সম্পাদক লালচান বাদশা, প্রচার সম্পাদক রাসিনুর রাসিন, কার্যকরী সদস্য ইয়াসিন আলী, জয়, মোশারফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
মাদ্রাসা শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা শেখ ফরিদ বলেন, সমাজে মানুষের সংখ্যা বাড়লেও ভালো ও সৎ মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কমে যাচ্ছে। এই বাস্তবতায় একদল তরুণ ভালো কাজের উদ্দেশ্যে এগিয়ে এসেছে-এটি সত্যিই আশাব্যঞ্জক। ভালো কাজ করার জন্য সাহস ও মানসিকতার প্রয়োজন, যা এই তরুণদের মধ্যে রয়েছে।
অন্যদিকে আরেক উপদেষ্টা ও স্কুল শিক্ষক হাসান রায়হান বলেন, বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনের এই মানবিক উদ্যোগ মানুষের ভালোবাসা অর্জন করেছে। ভবিষ্যতেও দেবীগঞ্জ উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সমাজকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভাপতি নাহিদ সিদ্দিক বাপ্পী বলেন, এটি আমাদের জন্য এক নতুন অভিজ্ঞতা। রমজান মাসে সংযম ও আত্মশুদ্ধির চর্চার পাশাপাশি আমরা একসঙ্গে ইফতার করেছি এবং পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি। ভালো কাজের মধ্য দিয়েই আমরা আমাদের যাত্রা শুরু করেছি। ভবিষ্যতেও মানবিক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
তিনি বসুন্ধরা শুভসংঘের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের এই ভালো কাজের পথে এগিয়ে যেতে সবার সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।
বিডি-প্রতিদিন/তানিয়া