সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অসহায়, দরিদ্র, এতিম, বিধবা, প্রতিবন্ধী ও ভাসমান মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের বৃহত্তম সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ। পবিত্র ঈদকে সামনে রেখে মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে সংগঠনটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ধর্মপাশা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে উপজেলার অসহায় ও দরিদ্র ২০ জন মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল গুঁড়ো দুধ, সেমাই, চিনি, নুডুলস, মুড়ি, সাবান, শ্যাম্পু, স্যালাইন এবং মাস্ক। ঈদকে সামনে রেখে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও দৈনন্দিন ব্যবহার্য পণ্য পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি সেলিম আহম্মেদ, সাধারণ সম্পাদক বজলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিয়া, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, নারী বিষয়ক সম্পাদক আসমা আক্তার এবং সাবেক ইউপি সদস্য আবুল কাসেমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই বসুন্ধরা শুভসংঘের মূল লক্ষ্য। ঈদের আনন্দ যেন কেবল সামর্থ্যবান মানুষের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের সব স্তরের মানুষ যেন সমানভাবে এই আনন্দে শামিল হতে পারে- সেই উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও বলেন, বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিক, সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকবে।
ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনটির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার চর্চা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি-প্রতিদিন/তানিয়া