রমজানের পবিত্রতা, মানবিকতা ও আত্মশুদ্ধির বার্তা সামনে রেখে ধর্ষণসহ নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে কর্মসূচির আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। শুক্রবার গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে ইফতারের আগ মুহূর্তে গঙ্গাচড়া প্রেসক্লাবের সামনে আয়োজিত এই সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সমাজে মানবিকতা, নৈতিকতা ও পারস্পরিক সম্মানবোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়।
এ সময় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে সচেতনতার বার্তা সম্বলিত পোস্টার প্রদর্শন করা হয়। এতে ধর্ষণ, নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের বিভিন্ন ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এসব ঘটনা সমাজে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, নৈতিক শিক্ষার ঘাটতি, আইনের যথাযথ প্রয়োগের অভাব এবং সামাজিক সচেতনতার ঘাটতি এ ধরনের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ।
আয়োজকরা জানান, রমজান মাস আত্মসংযম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাস। এই মাসে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে সচেতন করা এবং মানবিক সমাজ গঠনের বার্তা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রোজাদার মানুষের উপস্থিতিকে কেন্দ্র করে ইফতারের আগ মুহুর্তে এই কর্মসূচি আয়োজন করা হচ্ছে, যাতে সবাই ভালো কাজে উদ্বুদ্ধ হতে পারে।
বসুন্ধরা শুভসংঘ গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন শুধু একটি অপরাধ নয়, এটি সমাজের নৈতিক অবক্ষয়ের একটি ভয়াবহ প্রতিফলন। এ ধরনের অপরাধ প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা ও নৈতিক শিক্ষা। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি মানুষকে এই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম বলেন, তরুণ সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা গেলে সামাজিক অপরাধ অনেকাংশে কমে আসবে। বসুন্ধরা শুভসংঘ দেশের বিভিন্ন স্থানে মানবিক, সামাজিক ও সচেতনতামূলক নানা কর্মসূচি পরিচালনা করে আসছে। গঙ্গাচড়াতেও সেই ধারাবাহিকতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল বারী স্বপন, সহ সভাপতি রায়হান কবির, মিরাজুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক জুঁই আক্তারসহ শানু আক্তার, তামান্না আক্তার, রতন মিয়া, সজীব খান, নির্মল রায় ও সফিকুজ্জামান সোহেল। কর্মসূচিতে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা ছাড়াও স্থানীয় সচেতন নাগরিক, শিক্ষার্থী ও তরুণরা অংশগ্রহণ করেন। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে উদ্বুদ্ধ করবে।
বিডি-প্রতিদিন/তানিয়া