সমাজের অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তুলতে দেশব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে বসুন্ধরা শুভসংঘ। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে পরবর্তীতে সেলাই মেশিন বিতরণ করা হবে।
এরই অংশ হিসেবে বগুড়া সদর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) শহরের ফুলবাড়ী মধ্যপাড়া আব্দুল জোব্বার মেমোরিয়াল প্রি ক্যাডেট স্কুল চত্বরে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুর রহমান বিটু। অনুষ্ঠানে সমাজসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণমাধ্যমকর্মী আব্দুস সালাম বাবু, বাংলাদেশ প্রতিদিন বগুড়া প্রেস ইউনিটের ইনচার্জ কারিম উল্লাহ, আতিকুর রহমান, গণমাধ্যমকর্মী সজল শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, সমাজে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা অত্যন্ত জরুরি। সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে নারীরাও পরিবার ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন পথ উন্মুক্ত করবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন অস্বচ্ছল নারী অংশগ্রহণ করছেন। আগামী তিন মাস তারা সেলাইয়ের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হবে, যাতে তারা নিজ নিজ এলাকায় বসেই কাজ শুরু করে আয় করতে পারেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা জানান, বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তারা বলেন, আমরা অনেকেই আর্থিক সংকটের কারণে কোনো কাজ শিখতে পারিনি। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেলাইয়ের কাজ শিখে নিজেরা উপার্জন করতে পারব। প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলে পরিবারকে সহায়তা করতে পারব এবং অভাব দূর করার চেষ্টা করব।
সাবেক কাউন্সিলর তৌহিদুর রহমান বিটু বলেন, “বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিক ও প্রশংসনীয়। এর মাধ্যমে সমাজের অসহায় ও অস্বচ্ছল নারীরা স্বনির্ভর হওয়ার সুযোগ পাবে। নারীরা যখন কর্মমুখী হয়, তখন পুরো পরিবারই উপকৃত হয়।”
সাংবাদিক আব্দুস সালাম বাবু বলেন, বসুন্ধরা গ্রুপ সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নের নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে। তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট সবার জন্য দোয়া কামনা করেন।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নারীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে সহায়তা করবে। পাশাপাশি সমাজে নারীর ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/কামাল