ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। নতুন জামাকাপড় পরে ঈদগাঁতে নামাজ পড়তে যাওয়া, প্রিয়জনদের সান্নিধ্য ও ভালোবাসায় মুখর হয়ে ওঠে ঈদের প্রতিটি ক্ষণ। ঈদ আসে মানুষের মনকে রাঙিয়ে দিতে। একই সঙ্গে দুঃস্থ ও অসহায় মানুষের প্রতি মমত্ববোধ ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করে তোলে এই উৎসব।
এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে দিনাজপুরের বোচাগঞ্জে হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখা।
রবিবার (১৫ মার্চ) বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার হিসেবে নতুন জুব্বা সেটের কাপড় তুলে দেওয়া হয়।
নতুন পোশাক পেয়ে মাদরাসার শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। ঈদের আগে এমন উপহার পেয়ে তারা খুবই খুশি হন।
বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাশরিফ হাসান রুমন বলেন, হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীদের হাতে নতুন কাপড় উপহার তুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বোচাগঞ্জ থানা মসজিদের মুয়াজ্জিন আল আমিন বলেন, এটি খুবই সুন্দর একটি উদ্যোগ। অসহায় ও মাদরাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই।
মাহমাদুয়ি দারুল হাসান কওমি মাদরাসার শিক্ষক হাফেজ রহমতুল্লাহ বলেন, আমাদের মাদরাসার শিক্ষার্থীদের ঈদের উপহার হিসেবে জুব্বা সেটের কাপড় দেওয়ার জন্য বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ভাবতেও পারিনি যে আপনারা আমাদের শিক্ষার্থীদের বেছে নিয়ে এমন সুন্দর উপহার দেবেন।
তিনি আরও বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল