ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অসহায়, দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির উদ্যোগে শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে, যা তাদের মুখে হাসি ফুটানোর পাশাপাশি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
বুধবার (১৮ মার্চ) বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় সহায়তায় এবং তারাকান্দা উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ আয়োজনের সবচেয়ে প্রশংসনীয় দিক ছিল—বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় সহায়তার পাশাপাশশি সদস্যরা নিজেদের টিফিনের টাকা ও হাতখরচ থেকে সঞ্চয় করে এই উপহার সামগ্রী সংগ্রহ করেন। তাদের এই ত্যাগ ও সহমর্মিতা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।
উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, আটা, নুডুলস, সাবান এবং নতুন পোশাক। এসব উপহার পেয়ে শিশুদের মধ্যে ঈদের আগাম আনন্দ বিরাজ করে। অনেক শিশুই আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং তাদের চোখেমুখে ফুটে ওঠে খুশির ঝলক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মোঃ আবু হানিফ। তিনি তার বক্তব্যে বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ প্রতিবছরই অসহায় ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ঈদ উপহার বিতরণ করে আসছে, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। মহান আল্লাহ যেন এ মহৎ কাজের সঙ্গে সম্পৃক্ত সবাইকে উত্তম প্রতিদান দেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার তৌফিক দান করেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা শুভসংঘ শাখার সভাপতি আবু সায়েম আকন্দ, সহ-সভাপতি সেতারা আক্তার সেতু, সাধারণ সম্পাদক উম্মেল কাউসার তুষার, অর্থ সম্পাদক মুশফিকুর রহমান নিহাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাকিবুল হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই বসুন্ধরা শুভসংঘের মূল লক্ষ্য। ভবিষ্যতেও তারা শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবেন।
এই ধরনের উদ্যোগ শুধু ঈদের আনন্দ ভাগাভাগির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজে সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক শক্তিশালী বার্তা পৌঁছে দেয়।
বিডি-প্রতিদিন/মাইনুল