ঈদ মানেই আনন্দ, ভালোবাসা আর নতুন পোশাকের উচ্ছ্বাস। কিন্তু সমাজের অনেক শিশুর ভাগ্যেই সেই আনন্দ থেকে যায় অধরা। তেমনই পরিস্থিতির শিকার রাজধানীর জুরাইন পুলিশ বক্স সংলগ্ন এলাকায় বসবাসরত অসংখ্য পথশিশু।
এসব অবহেলিত শিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে এগিয়ে এসেছে বসুন্ধরা শুভসংঘ শ্যামপুর থানা শাখা। গতকাল বৃহস্পতিবার তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ঈদের নতুন পোশাক।
নতুন পোশাক পেয়ে শিশুদের চোখে দেখা যায় আনন্দের ঝিলিক। কারও মুখে লাজুক হাসি, কারও উচ্ছ্বাসে ভরা কণ্ঠ। তাদের আনন্দ ছড়িয়ে পড়ে পুরো পরিবেশে। যা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগর-এর সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। শ্যামপুর থানা শাখার নেতা ও সদস্যরা সম্মিলিতভাবে এ আয়োজন সফল করে তোলেন।
এ সময় শাখার সভাপতি মো. মনির হোসেন, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম জনি, মো. জাহাঙ্গীর আলম পলক, সাধারণ সম্পাদক মো. আরমান রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হামিম, সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিসুর রহমান হৃদয়, অর্থ সম্পাদক মো. সুজন শেখ, প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেনসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সমাজের অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি এক ধরনের মানবিক অঙ্গীকারও। ঈদের আনন্দ সবার জন্য সমান হওয়া উচিত। সেই বিশ্বাস থেকেই এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/এমই