পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলায় সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল মেহেদি উৎসব। গত বুধবার জেলার প্রত্যন্ত অঞ্চলের শতাধিক শিশুকে নিয়ে এ আয়োজন করে বসুন্ধরা শুভসংঘের ভোলা সদর উপজেলা শাখা।
মেহেদি উৎসবে অংশ নেওয়া শিশুদের হাতে মেহেদীর রঙিন নকশা এঁকে দেওয়া হয়। পাশাপাশি তাদের জন্য ছিল নানা ধরনের বিনোদনমূলক আয়োজন। অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠানে শিশুরা নিজেদের মতো করে উপভোগ করে ঈদের আগাম আনন্দ।
শিশুদের হাতে নকশা একে দেন বসুন্ধরা শুভসংঘ ভোলা সদর উপজেলা শাখার সহ-সভাপতি তাযকিয়া ইনসান, সাংগঠনিক সম্পাদক মুক্তা আক্তার, নারী বিষয়ক সম্পাদক বিবি ফাতেমা, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাফা ইসলাম, কার্যকরী সদস্য জান্নাতুল ফেরদৌস, আরজু বেগম।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সভাপতি মো. শাফায়াত হোসেন (সিয়াম), সিনিয়র সহ-সভাপতি মীর আবিদ হোসেন রাফি, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফয়েজুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘ ভোলা সদর উপজেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক মো. ইসমাইল, কার্যকরী সদস্য ইফাজসহ বসুন্ধরা অন্য সদস্যরা।
শাফায়াত হোসেন বলেন, ‘সমাজের অবহেলিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের মাঝে উৎসবের আনন্দ পৌঁছে দেওয়াই মেহেদি উৎসবের মূল লক্ষ্য। আজকে যখন আমরা শিশুদের হাসিমুখ দেখেছি, তখন মনে হয়েছে আমাদের এই ছোট্ট উদ্যোগই তাদের বড় আনন্দ এনে দিয়েছে। এই অনুভূতিটাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।’
বসুন্ধরা শুভসংঘ ভোলা সদর উপজেলা শাখার সহ-সভাপতি তাযকিয়া ইনসান বলেন, ‘যখন একটি শিশু আগ্রহ নিয়ে তার হাত বাড়িয়ে দেয় এবং বলে আপু, সুন্দর একটা ডিজাইন করে দিন, তখন সত্যিই মনে হয় আমি শুধু মেহেদি আঁকছি না, বরং তাদের ঈদের আনন্দের অংশ হয়ে যাচ্ছি। তাদের চোখ-মুখের উচ্ছ্বাস আমাদের নতুন করে অনুপ্রাণিত করেছে।’
মেহেদি উৎসবে অংশগ্রহণকারী শিশু বলেন, ‘আমি অনেকদিন ধরে চাইছিলাম ঈদের সময় হাতে মেহেদি পরব। কিন্তু সুযোগ হয়নি। আজকে আপুরা আমার হাতে খুব সুন্দর ডিজাইন করে দিয়েছে। আমি খুব খুশি এবং সবার প্রতি কৃতজ্ঞ। ঈদের দিন এই মেহেদি নিয়ে ঘুরবো। আমার খুব ভালো লাগছে।’
অভিভাবকরা বলেন, ‘মেহেদি উৎসবের এমন উদ্যোগ শুধু শিশুদের আনন্দই দেয় না, বরং সমাজে সহমর্মিতা, ভালোবাসা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।’
উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগ সহায়তা এবং মানবিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিডি-প্রতিদিন/এমই