বাড়ির কর্তাব্যক্তি রিকশা চালান। তিন সন্তানের সবাই শারিরিক প্রতিবন্ধী। মা গৃহিণী। টুকটাক সেলাই কাজও জানেন। সেই কর্তাব্যক্তি বাবার আয়ে কোনওরকমে চলে সংসার।
ঈদের আগে ব্রাহ্মণবাড়িয়ার ওই পরিবারটির পাশে দাঁড়িয়েছিল বসুন্ধরা শুভসংঘ। পরিবারের প্রতিবন্ধী সদস্য আফিয়া আক্তারের হাতে তুলে দেওয়া হয়েছে সেলাই মেশিন। আফিয়ারা থাকেন পৌর এলাকার কাজীপাড়ার সরকারপাড়ায়।
বৃহস্পতিবার (১৯ মার্চ ) বিকালে কাউতলী স্বপ্ন তরী সমাজ উন্নয়ন সংস্থার মিলনায়তনে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম ফাউন্ডেশন মেশিন কেনায় আর্থিক সহায়তা প্রদান করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মো. হেদায়েতুল আজিজ মুন্না। সাধারণ সম্পাদক শারমীন সুলতানার সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর পরিচালক ড. তৌফিকুল ইসলাম মিথিল, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ নিয়াজ মোর্শেদ নাহিদ, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সভাপতি মো. আল-আমীন শাহীন, সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ মো. তৈমুর, স্বপ্ন তরী সমাজ উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী মোহাম্মদ তাহের উদ্দিন, আলহাজ আমেনা বেগম দারুল কোরআন টাইটেল মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মুফতি সাইদ আল মামুন।
এ সময় বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘ সামাজিক দায়িত্বশীলতা থেকে বেশ ভালো কিছু উদ্যোগ নিয়েছে। সেলাই মেশিন বিতরণের উদ্যোগও প্রশংসনীয়। এর মাধ্যমে একটি পরিবারের জীবনযাত্রায় নতুনমাত্রা যোগ হবে। বাড়তি আয় দিয়ে পরিবারটি ভালোভাবে চলতে পারবে।
কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, সেলাই মেশিনটি যেন যথাযথভাবে কাজে লাগানো হয় সেটিই চাওয়া। আর এর মধ্য দিয়ে উদ্যোগটি সফলতার মুখ দেখবে।
বিডি-প্রতিদিন/মাইনুল