চুয়াডাঙ্গার দামুড়হুদায় দামুড়হুদা উপজেলা শাখার বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের গালর্স স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন বসুন্ধরা শুভসংঘের সভাপতি এ্যাড. ইসমাইল হোসেনের আইনজীবী অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি ইসমাইল হোসেন। প্রধান উপদেষ্টা ও কালের কণ্ঠের দামুড়হুদা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। ঈদের আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এ পুনর্মিলনী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হাজী আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান রতন, যুগ্ম সম্পাদক আবুল কালাম মাস্টার, অর্থ সম্পাদক নওশাদ আলী, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আলিমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘ একটি সামাজিক ও মানবিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন ইতিবাচক কার্যক্রম পরিচালনা করে আসছে। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সেই কার্যক্রমেরই একটি অংশ, যা সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সহায়তা করে।
এ সময় সদস্যরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সমাজের কল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বিডি-প্রতিদিন/তানিয়া