মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ পরিচ্ছন্ন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মানবিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার দুপুরে বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া শাখার উদ্যোগে উপজেলার গৈলা ইউনিয়নের কাঠিরা গ্রামে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সহ-সভাপতি মো. শাহ আলম রাঢ়ী।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এসএম ওমর আলী সানি, গৈলা ইউনিয়ন পরিষদের সদস্য সুদীন অধিকারী, আগৈলঝাড়া শাখার সাংগঠনিক সম্পাদক সাকিব খান, অর্থ সম্পাদক আমির হামজা, সদস্য রিচার্ড বিশ্বাস, নিলীমা কর, শান্তা হালদার, জিলিয়ান বিশ্বাস, দিশা সরকার, অথৈ সরকার, দোলা সরকার, প্রিয়ন্তী সরকারসহ স্থানীয় সাংবাদিক মো. মাহমুদ মোল্লা প্রমুখ।
কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপদেষ্টা এসএম ওমর আলী সানি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় কাঠিরা গ্রামের বিভিন্ন এলাকা থেকে মানুষ জীবন বাঁচাতে এখানে আশ্রয় নিয়েছিল। স্মৃতিসৌধের পাশেই অবস্থিত একটি খ্রিষ্টান ব্যাপ্টিস্ট চার্চে আশ্রয় নেওয়া নিরীহ মানুষদের স্থানীয় রাজাকারদের তথ্যের ভিত্তিতে পাকিস্তানি বাহিনী নির্মমভাবে হত্যা করে। পরে তাদের মরদেহ পাশের ডোবার পানিতে ফেলে দেওয়া হয়।
তিনি আরও জানান, এ পর্যন্ত নিহতদের মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, তবে অনেকের পরিচয় অজানা রয়ে গেছে। শহীদদের স্মরণে পরবর্তীতে সরকারিভাবে এখানে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
স্বাধীনতা দিবসকে সামনে রেখে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং স্মৃতিসৌধের পরিবেশ সুন্দর রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
বসুন্ধরা শুভসংঘের নেতারা বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও দেশপ্রেমমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/তানিয়া