ভোলার চরফ্যাশন উপজেলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে আলোচনা সভা আয়োজন করা হয়।
এসময় বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার আহ্বায়ক শামীমা নাসরিন বলেন, 'মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের অন্যতম গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি শুধু উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের দায়িত্ববোধ, দেশপ্রেম এবং আত্মত্যাগের চেতনা নতুন করে জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।'
বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার সদস্য সচিব কাউসার আহমেদ বলেন, '১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জন্য একটি অমূল্য অর্জন। এই স্বাধীনতার পেছনে রয়েছে লাখো শহীদের আত্মত্যাগ ও অসংখ্য মানুষের ত্যাগ-তিতিক্ষা। তাই স্বাধীনতার প্রকৃত মূল্য উপলব্ধি করে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।'
এ সময় অন্যান্যের মধ্যে সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মিরাজ, মারিয়া ইসলাম, জোবায়ের যুবু, আহ্বায়ক কমিটির সদস্য মো. হোসেন, তাইয়েবা তন্নি, জান্নাত বেগম, ফাতেমা ফারোহা, নাঈম মুন্সি, জাহিদুল ইসলামসহ বসুন্ধরা শুভসংঘের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বলেন, 'মহান স্বাধীনতা দিবস শুধু একটি দিন নয়, এটি আমাদের জাতীয় ইতিহাসের গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রয়োজন।'
তারা আরও বলেন, 'বসুন্ধরা শুভসংঘ সবসময়ই সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শিক্ষা, মানবিক সহায়তা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সংগঠনটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে।'
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনের মাধ্যমে স্বাধীনতার চেতনাকে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
বিডি প্রতিদিন/কামাল