মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে শিশুদের অংশগ্রহণে পথনাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রেলওয়ে স্টেশন সংলগ্ন স্বপ্নকলি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের মূল আকর্ষণ সচেতনতামূলক পথনাটকের মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য, দেশপ্রেম, সামাজিক মূল্যবোধ এবং মানবিকতার বার্তা তুলে ধরা হয়। শিশুদের প্রাণবন্ত অভিনয় ও আন্তরিক উপস্থাপনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
সংগঠনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সৈকত বলেন, “এই ধরনের পথনাটক শিশুদের মাঝে দেশপ্রেম ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই তারা ছোটবেলা থেকেই দেশের ইতিহাস ও মূল্যবোধ সম্পর্কে জানুক এবং তা ধারণ করুক।”
সাধারণ সম্পাদক সুষ্ময় দাস তনয় বলেন, “শিশুদের অংশগ্রহণমূলক এমন আয়োজন তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং সামাজিকভাবে সচেতন করে তোলে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।”
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করেন এবং তাদের সঙ্গে আনন্দঘন সময় কাটান। উপস্থিতদের মধ্যে ছিলেন জেলা কমিটির সদস্য রাশেদা খাতুন, নায়মা রহমান কথা, বর্ষা খাতুন, আসলাম, শিশির কুমার দাস, মুহছানীম ইসলাম মোহনা এবং সানজিলা রহমান প্রমুখ।
এই আয়োজনের মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের চেতনাকে ধারণ করে শিশুদের মধ্যে দেশপ্রেম ও সামাজিক সচেতনতা গড়ে তোলার এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে সংগঠনের সদস্যরা।
বিডি প্রতিদিন/কামাল