মেহেরপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা সভায় অংশ নিয়ে ইতিহাস শুনলেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে সংগঠনের জেলা শাখার সভাপতি রফিকুল আলম বকুলের সভাপতিত্বে একটি স্থানীয় পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অবসারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক।
তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “দীর্ঘ নয় মাসের যুদ্ধে আমি তিনবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। একটি স্বাধীন দেশের জন্য আমরা মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছি—কোনো কিছু পাওয়ার আশায় নয়।”
তিনি আরও বলেন, “পাকিস্তানি বাহিনীর আধুনিক অস্ত্র ও শক্তির বিপরীতে আমাদের তেমন কিছুই ছিল না। আমাদের শক্তি ছিল অদম্য মনোবল, দেশপ্রেম এবং কৌশল। বর্তমান তরুণদের উদ্দেশে বলবো—দেশকে ভালোবাসো, দেশের জন্য কাজ করো।”
এই মুক্তিযোদ্ধা আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘মেহেরপুর জেলায় প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা কমবেশি ৩৫০ জন। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ে ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধা বানিয়েছে। সেগুলো মিলে বর্তমানে ৬৫০ জন মুক্তিযোদ্ধা হয়ে গেছে। বর্তমান সরকারের কাছে দাবি জানাই, উচ্চ পর্যায়ের তদন্ত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের রেখে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়া হোক।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠ পত্রিকার মেহেরপুর প্রতিনিধি ইয়াদুল মোমিন, শুভসংঘের যুগ্ম সম্পাদক সাজিদ হোসেন, রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, কোষাধ্যক্ষ ইয়াসির ইউসুব ইমন, সদস্য রাফি হাসান, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম পাতা, লাওহে মাহফুজা ইশরা এবং স্থানীয় শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত তরুণরা মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। তারা জানান, এমন আয়োজন নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/কামাল