সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও মাদকের মতো সামাজিক ব্যাধি দূর করতে তরুণ সমাজকে সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে ফেনীর সোনাগাজীতে ব্যতিক্রমী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় সামাজিক অবক্ষয়ের কারণ, প্রতিরোধের উপায় এবং পারিবারিক-সামাজিক দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বুধবার সকালে উপজেলার আর.এম.হাট কে. উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বসুন্ধরা শুভসংঘ, সোনাগাজী উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ সোনাগাজী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোকাররম আলী চৌধুরী শাহাদ। তিনি বলেন, বর্তমান সমাজে সচেতনতার ঘাটতির কারণেই বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও মাদকের মতো সমস্যা এখনও বিদ্যমান। এসব প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপমা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা রহিমউল্যাহ চৌধুরী এবং বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নুরুল আফছার। বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, সামাজিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করাও সময়ের দাবি। তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে বিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন।
বসুন্ধরা শুভসংঘ সোনাগাজী উপজেলা শাখার কার্যকরী সদস্য জিয়া উদ্দিন হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকি আহমেদ নিহালসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এমদাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ সাব্বির, স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, কার্যকরী সদস্য মাহমুদুল হক রিফাত প্রমুখ।
আলোচনায় বক্তারা উল্লেখ করেন, বাল্যবিবাহ একটি কিশোরীর শিক্ষা, স্বপ্ন ও ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়। একইসঙ্গে এটি মাতৃমৃত্যু, শিশুমৃত্যু এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। যৌতুক প্রথা নারীর প্রতি সহিংসতা ও পারিবারিক নির্যাতনের অন্যতম কারণ বলেও তারা মন্তব্য করেন।
ইভটিজিং প্রসঙ্গে বক্তারা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে। সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় পর্যায়ে সচেতনতা এবং প্রতিবাদী মনোভাব জরুরি।
মাদকবিরোধী বক্তব্যে বক্তারা বলেন, মাদক আজ তরুণ সমাজের জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর একটি। একবার মাদকের সঙ্গে জড়িয়ে পড়লে ব্যক্তি, পরিবার এবং সমাজ-সবক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়ে। তাই তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বসুন্ধরা শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা সবাইকে সামাজিক ব্যাধির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখা প্রয়োজন।
বিডি-প্রতিদিন/টিএ