মুন্সীগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে উজ্জ্বল (১৯) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে জেলা ফায়ার সার্ভিস। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শাহ সিমেন্টের তিন নম্বর জেটির কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত উজ্জ্বল ঝালকাঠি জেলার সদর উপজেলার রামপুর গ্রামের প্রকাশের ছেলে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শাহ সিমেন্ট ফ্যাক্টরির তিন নম্বর জেটিতে বাল্কহেড থেকে মালামাল আনলোড করে জেটিতে উঠার সময় উজ্জ্বল নামে একজন শ্রমিক শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হন। সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪০ ফিট পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি