কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজ কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
বৃহস্পতিবার ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা মোহাম্মদ ইদ্রিস পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পাহাড়তলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের আগে মসজিদসংলগ্ন তাঁর থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছান।
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি উঠেছে।
খুটাখালী ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আজিম বলেন, দীর্ঘদিন ধরে ইমামতি করা মাওলানা ইদ্রিসের মৃত্যু মর্মান্তিক ও রহস্যজনক।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। তার থাকার কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল এবং বাইরে থেকে কেউ প্রবেশের আলামত পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/এআইএস