যশোরে সাড়ে চার হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইমরান হোসেন নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুর একটার দিকে যশোর সদর উপজেলার পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদহ মাঠপাড়া এলাকা থেকে নিষিদ্ধ এই ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটক ইমরান হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছী গ্রমের হবিবর রহমানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, সাতক্ষীরা থেকে বিপুল পরিমান মাদক নিয়ে এক ব্যক্তি যশোরের দিকে আসছেন মর্মে তাদের কাছে গোপন সূত্রে খবর আসে। ওই তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পুলেরহাট-রাজগঞ্জ সড়কের মাঠপাড়ায় অবস্থান নেয়। দুপুর একটার দিকে ইমরান নামের ওই যুবক মোটরসাইকেলে সেখানে পৌঁছালে সন্দেহবশত তাকে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মাদনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। এ ঘটনায় ইমরানের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান।
বিডি প্রতিদিন/এএম