গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙালি নদী থেকে এনামুল হক (২৫) নামে এব যুবকের ভাসমানা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত এনামুল হক পার্শ্ববর্তী সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের কচুয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের দেওয়ানতলা ব্রিজ সংলগ্ন বাঙালি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার দেওয়ানতলা ব্রিজ সংলগ্ন বাঙালি নদীতে ওই যুবকের মরদেহ ভেসে থাকতে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লোক মুখে খবর পেয়ে নিহতের মা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পরিচয় শনাক্ত করেন।
স্থানীয়দের ধারণা মরদেহটি উজান থেকে ভেসে এসে মহিমাগঞ্জ ইউনিয়নের দেওয়ানতলা ব্রিজ সংলগ্ন বোচাদহ এলাকায় আটকে ছিল।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/এমএল