মুন্সীগঞ্জ পৌরসভার করবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত এবং কর পুনঃনির্ধারণের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন স্থানীয় নাগরিকরা।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সামাজিক সংগঠন ‘নাগরিক বন্ধু- মুন্সীগঞ্জ’র উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, পৌরকর্তৃপক্ষ নাগরিকদের মতামত উপেক্ষা করে কর বৃদ্ধি করেছে, যা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
সংগঠনটির আহ্বায়ক মুহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন বেপারী, সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক আশরাফুল ইসলাম মিশু, অ্যাডভোকেট রাইছুল ইসলাম ও রায়হান রাব্বিসহ অনেকে।
বক্তারা বলেন, করবৃদ্ধির আগে নাগরিকদের সঙ্গে আলোচনা করে একটি যৌক্তিক কাঠামো নির্ধারণ করা উচিত ছিল। তারা দাবি জানান, অবিলম্বে করবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করে নাগরিক প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে নতুন করে কর নির্ধারণ করতে হবে।
এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে তারা পৌরকর পরিশোধ থেকে বিরত থাকার মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
বিডি-প্রতিদিন/এমএল