ঢাকাগামী আন্তঃনগর ট্রেন ‘উপবন এক্সপ্রেস’ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অনির্ধারিতভাবে থামিয়ে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনটির একটি বগির টয়লেট থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, ভোরে সিলেট রেলওয়ে পুলিশের সুপার জান্নাত আফরোজের নির্দেশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ওই নির্দেশনার ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে উপবন এক্সপ্রেসের কোনো নির্ধারিত যাত্রাবিরতি না থাকলেও ট্রেনটি থামানো হয়।
পরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের জিআরপি সদস্যরা ট্রেনটিতে তল্লাশি চালিয়ে ‘চ’ বগির টয়লেট থেকে মালিকবিহীন অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
বিডি-প্রতিদিন/এমএল